‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সভা বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া পরামর্শ ও সুপারিশমালা পর্যালোচনা করা হয় এবং এসব মতামত বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় সনদ চূড়ান্ত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে কমিশন ইতোমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এ প্রক্রিয়ায় ২৬টি দলের লিখিত মতামত কমিশনের কাছে পৌঁছেছে; আজও কয়েকটি দল মতামত জমা দিয়েছে।
কমিশন জানায়, দলগুলোর সুপারিশসমূহ ধাপে ধাপে সমন্বয় করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। বাস্তবায়ন–পর্বের কাঠামো, সময়সূচি ও পদ্ধতি নির্ধারণে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ মতামত যুক্ত করা হবে।
সভা শেষে কমিশন পক্ষ থেকে জানানো হয়, অংশীজনদের (স্টেকহোল্ডার) সম্পৃক্ততা বজায় রেখে সনদের সম্মতিপূর্ণ চূড়ান্ত সংস্করণ তৈরি করাই এ পর্যায়ের প্রধান লক্ষ্য। সনদ–সম্পর্কিত পরবর্তী কার্যক্রম ও আলোচনার সময়সূচি পর্যায়ক্রমে জানানো হবে।




