বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশজুড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও অঙ্গসংগঠনের শীর্ষরা অংশ নেন।

বিএনপি জানায়, রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে পূর্বঘোষিত শোভাযাত্রা স্থগিত করে পুকুর, খাল ও নালা পরিষ্কার–এর মতো জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে; কিন্তু ফিনিক্স পাখির মতো দলটি বারবার জেগে উঠেছে। সামনে চ্যালেঞ্জ—আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে সহযোগিতা করা।”

তিনি দাবি করেন, গত দেড় দশকে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন–নিপীড়ন, মিথ্যা মামলা ও গুম–খুন হয়েছে; নির্বাসনে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত বাজার অর্থনীতি, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেন বলে বক্তব্যে স্মরণ করা হয়।

ক্ষমতায় গেলে ‘৩১ দফা কর্মসূচি’র মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সমর্থন পেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া হবে এবং সংস্কার কমিশনগুলোকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মাজার এলাকায় দিনভর দলীয় নেতাকর্মীদের ঢল নামে। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলটির ঘোষিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি, ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র, পোস্টার প্রকাশ, গোলটেবিল বৈঠক, এবং ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের কর্মসূচিও ঘোষিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।