বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নির্বাচন বানচাল করতে নিত্যনতুন দাবি তোলা হচ্ছে: বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে কিছুসংখ্যক রাজনীতিক নিত্যনতুন দাবি তুলছেন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই একটি অংশ গণতন্ত্রপন্থী শক্তিকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখতে সচেতনভাবে কাজ করছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাজনীতিক কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে কিছুসংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচন ব্যাহত করার জন্য নিত্যনতুন দাবি তুলে চলছে।
এমন দাবি তুলছে, যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা কোথাও বাধা সৃষ্টি করেননি। কখনো বড় ধরনের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করেননি।

বিএনপির মহাসচিব বলেন, সংস্কার শব্দের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়। সেখানে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) বুঝতে সময় লাগবে। এটা মানুষকে বোঝানো খুবই কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে, সেটা জানা যাবে না। কিন্তু এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন।

গণ-অভ্যুত্থানের সাত থেকে আট দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এ নিয়ে তাঁকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা।

মহান মুক্তিযুদ্ধের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অনেক চেষ্টা চলছে একাত্তরের কথা ভুলিয়ে দেওয়ার; কিন্তু সেটা ভোলা সম্ভব নয়। গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, এ কারণে সরকারের ভেতরের একটা মহল সচেতনভাবে চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, লক্ষ্য অর্জনের জন্য আরো অনেক কাজ করতে হবে।

এস আলম গ্রুপ ভারতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, তারা পরিকল্পনা করছে, কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায়।

মির্জা ফখরুল বলেন, এখন কেমন যেন হতাশার ছায়া ঘোরাঘুরি করছে। বেশির ভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। দুর্নীতি আর দুর্নীতি। যেদিকে তাকাবেন, সেখানেই দুর্নীতি। দুঃখজনক যে রাজনৈতিক নেতারা জড়িত হয়ে পড়ছেন।

জটিলতা না বাড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ শেষ করাসহ ঘোষণা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান মির্জা ফখরুল।