বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই। তবে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে জোট হতে পারে এবং কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে—যা এখনও চূড়ান্ত নয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “আগামী রমজান শুরুর এক সপ্তাহ আগেই জাতীয় নির্বাচন হবে—সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই।” তাঁর ভাষ্যে, যারা বাহানা করে নির্বাচন বয়কট করবে, তারা “ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস” হয়ে যাবে।

তিনি আরও বলেন, “দু–একটি দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে; এটি তাদের কৌশলও হতে পারে। কোনো দল নির্বাচনে না গেলে সেটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করি, অন্য কিছু ভাবার অবকাশ নেই। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই; এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।”

বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না, উল্লেখ করে তিনি বলেন, “সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে।” আলোচনায় উঠে আসে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে তা পরবর্তী নির্বাচনে কার্যকর হতে পারে—এমন ইঙ্গিতও দেন তিনি।

‘জুলাই সনদ’ ও প্রস্তাবিত সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপি যৌক্তিক মনে করছে না; বিকল্প প্রস্তাব তারা ঐকমত্য কমিশনের আলোচনায় দেবে। তিনি বলেন, “সংবিধানের ওপর স্থান পায়—এমন কোনো বিষয় গ্রহণযোগ্য নয়। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছবে বলে আমরা আশা করি। যে সাংবিধানিক সংস্কার দরকার, তা ঐকমত্যের ভিত্তিতেই সম্ভব। আজই বিধানগুলো বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে; সেগুলো সংসদ নির্বাচনের পর বাস্তবায়নযোগ্য।”