বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাবনায় শিক্ষানুরাগী শামসুর রহমান মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ির নান্দিয়ারা মাদ্রাসায় কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ যোহর আয়োজিত এ মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুম শামসুর রহমান মিয়ার রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মসজিদের ইমাম। বক্তব্য পর্বে বক্তারা বলেন, শিক্ষা ও জনকল্যাণে তাঁর আগ্রহ ও উদারতা স্থানীয় সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

আয়োজকরা জানান, মরহুমের গ্রামের বাড়ির পাশেই অবস্থিত নান্দিয়ারা মাদ্রাসায় প্রতিবছর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে এ আয়োজন করা হয়; এতে অংশ নিয়ে এলাকাবাসী তাঁর কর্ম ও স্মৃতিকে স্মরণ করেন। পরিবারের পক্ষ থেকেও উপস্থিতদের ধন্যবাদ জানানো হয় এবং মরহুমের জন্য অব্যাহত দোয়া কামনা করা হয়। কোরআনখানী ও দোয়া মাহফিল উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফসহ মোট প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রয়াত শামসুর রহমান মিয়া হচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কভিত্তিক আশা গ্রুপ অব কোম্পানিজ-এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমানের পিতা। পরিবার ও শুভানুধ্যায়ীরা জানান, শিক্ষা ও সমাজসেবামুখী তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও মানবকল্যাণে কাজের ধারা অব্যাহত থাকবে।

এর আগে, গত সপ্তাহে (১৪ আগস্ট) শামসুর রহমান মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কের জ্যামাইকার আশা পার্টি সেন্টারে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে আশা ডে কেয়ারের প্রবীণ সদস্য, প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে প্রয়াত শামসুর রহমানের রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে আবেগভরা কণ্ঠে বাবার স্মৃতিচারণ করে আকাশ রহমান বলেন, “মৃত্যুর আগে বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন, কারো ক্ষতি করো না। আমি তার সেই আদর্শ বুকে ধারণ করে সাধ্যমতো মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতেও এই পথেই চলব।”