বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না: জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার (১৩ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহবান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকেও নিজেদের মধ্যে আলোচনা করার পরামর্শ দেন, যাতে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে না যায়।

ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন।”

সমাবেশে জামায়াত নেতারা ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানান।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে ইঙ্গিত করে বলেন, “অনেকে বলে পিআর (আনুপাতিক ভোট পদ্ধতি) বোঝে না, অথচ জরিপ বলছে ৭১ শতাংশ মানুষ এর পক্ষে। জনগণ বোঝে, কিন্তু আপনারা বুঝেও না বোঝার ভান কেন? ৭১ শতাংশ মানুষ যখন পিআর চায়, তখন এর বিরোধিতা করার কী কারণ?”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন। তাহলে কি তাঁরা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেয়েছেন? ভোটের আগেই যদি কোনো দল নিশ্চিত হয় তারা ক্ষমতায় আসবে, তবে নির্বাচন কেমন হবে তা সহজেই বোঝা যায়। যাঁরা বলছেন সংসদে গিয়ে সংস্কার করবেন, তাঁরা এখন কেন সংস্কারের বিরোধিতা করছেন?”

জামায়াতের এই আহবান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের মাধ্যমে ভোটের পরিবেশ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাখতে কেন্দ্রিত।