বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও চরিত্রের বদল হয়নি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যতো বাড়বে সাধারণ মানুষ ততোই ভালো কাজে উদ্বুদ্ধ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের আমন্ত্রণে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম এ কথা বলেন।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো-মন্দ কাজের যতো বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিয়ে দেশ ততোই এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, আশিক ইসলাম একজন প্রথম সারির মিডিয়াকর্মী ছিলেন বিধায় বিএনপি’র বিগত শাসনামলে একজন মিডিয়া বান্ধব ব্যক্তিত্বে সকল মহলের আস্থা অর্জন করেছিলেন।

 

 

এ সময় সাংবাদিকরা অভিযোগ করে বলেন, মিডিয়াতে বিএনপি বরাবরই পিছিয়ে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিএনপির সারাদেশের নেতা-কর্মীদের ত্রুটি-বিচ্যুতি ব্যাপক আকারে তুলে ধরা হয়। সিনিয়র নেতাদের অনুষ্ঠানের প্রচারও হয় গতানুগতিক। অথচ দেশ গঠনে, সমাজ উন্নয়নে এবং গণতন্ত্রের উত্তরণে বিএনপি’র কাযক্রমকে সেভাবে প্রচার করা হয় না।

বিএনপির নেতারা মনে করেন তাদের সংবাদ প্রচার হওয়াটাই বড় কথা। বাস্তবতা হলো, দেশে যতোবার ক্রান্তিকাল এসেছে, প্রতিবারই বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু উন্নয়ন যাত্রায় বিএনপি কখনোই মিডিয়াকে সাথে নিয়ে এগুতে পারেনি। যার কারণে বিএনপির সাফল্য যাত্রা সাধারণ মানুষের মনেগাথা হয়নি, অগোচরে থেকে গেছে চিরদিন।

মতবিনিময়কালে আশিক বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল হয় তা যথাযথভাবে মোকাবেলা করা হয় না।

এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরকানুল হক নাহিদ, আরটিভির সাংবাদিক মো: মোমিন হাসেন, টাইমস অফ বাংলাদেশের মোশাররফ হোসেন বাবলু, দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান, চিফ রিপোর্টার মইনুল আহসান, বিশেষ প্রতিনিধি এস এম আশরাফ, সাপ্তাহিক সাদাকালোর মোহাম্মদ কাশেম, বাসসের জি এম রাজিব হোসেন, মুরসালিন নোমানী, বাসসের সাবেক সাংবাদিক জহিরুল হক রানা, দি নিউজ টুডের সম্পাদক মো: আখতার হোসেন মাসুদ, এনটিভির সাবেক সাংবাদিক মো: ইমরুল আহসান জনি, গ্রীন টিভির মাহমুদ হাসান, জিটিভির আহমেদ সাগর, ইনকিলাবের মেহেদী হাসান পলাশ, আমার দেশের আবু দারদা জোবায়ের এবং চ্যানেল আইয়ের রাহুল রায় প্রমূখ।