বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

নাসার অন্তর্বর্তী প্রধান হলেন পরিবহনমন্ত্রী শন ডাফি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফিকে নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম সিএনএনের পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিএনএন-এর বরাত দিয়ে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক ঘোষণায় জানান, “আমাদের দেশের পরিবহন ব্যবস্থাপনায় শন অসাধারণ কাজ করছেন, আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম তৈরি থেকে শুরু করে সড়ক ও সেতু পুনর্গঠন পর্যন্ত সবকিছু তিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এখন নাসার মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থার নেতৃত্বও সাময়িক সময়ের জন্য তার হাতে তুলে দেওয়া হচ্ছে। অভিনন্দন ও ধন্যবাদ, শন।”

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ডাফি এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়ায় লেখেন, “এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। এখন সময় মহাকাশের দখল নেওয়ার। চলুন, উৎক্ষেপণ শুরু করি!”

ট্রাম্পের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন প্রযুক্তি উদ্যোক্তা এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু জারেড আইজ্যাকম্যানের নাসা প্রধান হিসেবে মনোনয়ন বাতিল করা হয়েছে। মে মাসের শেষ দিকে ট্রাম্প ওই মনোনয়ন প্রত্যাহার করেন, যদিও আইজ্যাকম্যানের নিয়োগ অনুমোদনের জন্য সিনেট ভোট হওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “নাসা যখন ইলনের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ, তখন তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে এই সংস্থার নেতৃত্বে বসানো অনুচিত।”

তিনি আরও বলেন, নাসার মতো সংস্থার নেতৃত্বে থাকা ব্যক্তির উচিত বিজ্ঞানী, প্রকৌশলী কিংবা অভিজ্ঞ সরকারি কর্মকর্তা হওয়া, যারা আইনপ্রণেতাদের সঙ্গে বাজেট ও প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন করতে সক্ষম।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনে একাধিক দায়িত্ব পালনের নজির রয়েছে। যেমন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় আর্কাইভ বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।