বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

পদত্যাগ করলেন এক্স-এর সিইও লিন্ডা ইয়াকারিনো

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দু’বছর দায়িত্ব পালনের পর এই পদত্যাগ এল এমন এক সময়ে, যখন প্ল্যাটফর্মটির এআই চ্যাটবট Grok ব্যবহারকারীদের কাছে ইহুদিবিদ্বেষমূলক মন্তব্য তুলে ধরায় তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

যদিও ইয়াকারিনোর পদত্যাগের সঙ্গে এই ঘটনার সরাসরি সংযোগ নেই বলে জানা গেছে, এটি আসে ঠিক তার পরদিনই। এর আগেই X-এর মালিকানা X-এর মূল কোম্পানি থেকে ইলন মাস্কের AI কোম্পানি xAI-তে হস্তান্তর করা হয়, যা ইয়াকারিনোর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

পদত্যাগের ঘোষণায় ইয়াকারিনো মাস্ককে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “X-কে ফ্রি স্পিচ রক্ষায় ও ‘এভরিথিং অ্যাপ’ রূপে রূপান্তরের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত।” মাস্ক তার উত্তরে সংক্ষিপ্তভাবে বলেন, “আপনার অবদানের জন্য ধন্যবাদ।”

২০২৩ সালের জুনে, টুইটার থেকে X নাম বদলের পর ইয়াকারিনো সিইও হিসেবে দায়িত্ব নেন। মূলত বিজ্ঞাপনদাতাদের ফিরে আনতে তাকে আনা হয়েছিল, কারণ মাস্কের আগ্রাসী নীতি ও মন্তব্যে অনেক ব্র্যান্ড দূরে সরে গিয়েছিল। তবে তার নেতৃত্বেও X বহু বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে—বিশেষ করে ঘৃণামূলক কনটেন্ট, ভুয়ো তথ্য এবং বিজ্ঞাপনগুলোর পাশে নাৎসি-সমর্থিত কনটেন্ট প্রদর্শনের ঘটনায়।

তিনি বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন কনটেন্ট ফিল্টারিং পদ্ধতি চালু করলেও, Grok চ্যাটবটের বিভ্রান্তিকর এবং বিতর্কিত মন্তব্য X-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এর মধ্যে, X থেকে xAI-এর সাথে একীভূত হওয়া ও ইয়াকারিনোর নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা তার ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ করে।

বিশ্লেষকদের মতে, মাস্কের ছায়াতলে থেকে এমন দায়িত্ব পালন কঠিন ছিল। তিনি প্রায়শই হঠাৎ সিদ্ধান্ত নিতেন, যা ইয়াকারিনোর জন্য বারবার সংকট তৈরি করত। তার প্রস্থানে X-এর ভবিষ্যৎ নেতৃত্ব ও দিকনির্দেশনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।