শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরছেন ৩২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে তেহরান থেকে দ্বিতীয় দফায় ৩২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে তারা ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তেহরান থেকে শারজাহ হয়ে তারা ঢাকায় ফিরছেন। এর মধ্যে এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইটে ২২ জন এবং দ্বিতীয় ফ্লাইটে ১০ জন বাংলাদেশি থাকবেন।

এর আগে প্রথম দফায় ১ জুলাই দেশে ফিরেছেন ২৮ জন বাংলাদেশি। তারা ২৫ জুন সড়ক পথে তেহরান থেকে বেলুচিস্তানের তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করেন। এরপর করাচি ও দুবাই হয়ে ঢাকায় আসেন। ফিরিয়ে আনা প্রথম দফার বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে অবস্থানরত রোগী ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ পর্যন্ত ২৫০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে। তবে ইরান-ইসরায়েল সংঘাত প্রশমিত হওয়ায় এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও আগের মতো সচল হওয়ায়, অনেকেই নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।

ইরানে বাংলাদেশি তালিকাভুক্ত নাগরিকের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।