বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

দেশে চালু হলো গুগল পে, উদ্বোধন করলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’, যা ‘গুগল পে’ নামে অধিক পরিচিত। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই সেবাটি চালু করেছে। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে নিরাপদ, দ্রুত ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গুগল পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেরিকার দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল ও ভিসার প্রধান সাব্বির আহম্মেদ।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক সেবা ডিজিটাল হলে স্বচ্ছতা বাড়ে, যা আর্থিক অন্তর্ভুক্তি ও নগদবিহীন সমাজ গঠনে সহায়ক।”

অনুষ্ঠানে জানানো হয়, গুগল পে-এর মাধ্যমে এনএফসি প্রযুক্তিসম্পন্ন পস টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করেই লেনদেন করা যাবে। এতে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে স্মার্টফোনই হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “আমরা এখন সেই দেশগুলোর তালিকায় যুক্ত হলাম যারা প্রকৃত অর্থে ডিজিটাল লেনদেন করতে সক্ষম। গুগল পের মাধ্যমে দেশ-বিদেশে লেনদেন সহজ হবে এবং এটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”

তিনি আরও বলেন, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি আর্থিক খাতকে শক্তিশালী করতে সরকার একীভূত ব্যাংক গঠনের মতো পদক্ষেপ নিচ্ছে।

গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির বিকাশ ও আর্থিক অন্তর্ভুক্তির নতুন এক অধ্যায় সূচিত হলো।