বুধবার

,

১২ই আগস্ট, ২০২৬

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু সেনানিবাসে আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। মঙ্গলবারের হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচজন সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪২ জন আহত হয়েছেন। পাকিস্তান তালেবানের সঙ্গে যুক্ত একটি জঙ্গিগোষ্ঠী বান্নুতে হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ধাক্কায় কাছের একটি মসজিদের ছাদ ধসে পড়ে। মুসলিমদের পবিত্র মাস রমজান চলছে। বিস্ফোরণের কিছুক্ষণ আগে স্থানীয় লোকজন দিনভর রোজা শেষে সবে তাদের ইফতার শুরু করেছিল। মসজিদটি একটি ভিড়ে ঠাসা বাজারের ভেতরে ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, পাকিস্তানে শত্রুদের শয়তানি আকাঙ্ক্ষা কখনো সফল হতে দেওয়া হবে না।

বুধবার দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সামরিক ঘাঁটির প্রাচীরের মধ্যে প্রবেশ করিয়েছিল। এ ঘটনায় একটি মসজিদ ও আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

নিহতদের মধ্যে চারজন শিশু ও তিনজন নারী রয়েছেন বলে জানান খাইবারপাখতুনখোয়া রাজ্যের মন্ত্রী পাখতুন ইয়ার খান।

সেনানিবাসটি আফগান সীমান্তসংলগ্ন ওই রাজ্যে অবস্থিত। ইয়ার খান বলেন, জঙ্গিরা দুদিক থেকে বান্নু সেনানিবাসে ঢুকে পড়েছিল। এরপর তাদের সঙ্গে কয়েক ঘণ্টা গুলি বিনিময় হয়। গতকাল বুধবার সকালে পরিস্থিতি শান্ত হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন।

বিবৃতিতে ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা জানানো হয়।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের ১৬ জনই নিহত হয়েছেন। আত্মঘাতী হামলায় চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে এবং বাকিরা সেনাদের গুলিতে নিহত হয়েছে। সূত্র : ডয়চে ভেলে, এএফপি