মঙ্গলবার

,

১৫ই সেপ্টেম্বর, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে উন্নতিতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ দেশের মোট রিজার্ভের পরিমাণ হয়েছে ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে রোববার সন্ধ্যা নাগাদ নিট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে আইএমএফের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

এরই ধারাবাহিকতায় গত দেড় মাসে ২৫ ডিসেম্বর রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার অতিক্রম করে। এর মাত্র চারদিনে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করল।

রিজার্ভের তিনটি হিসাব সংরক্ষণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রথমটি হলো, বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ। দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি। এতে বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল বা ঋণের অর্থ বাদ রাখা হয়। তৃতীয়টি হলো ব্যবহারযোগ্য রিজার্ভ, বর্তমানে যা প্রায় ১৬ বিলিয়ন ডলার। দেশে ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশের রিজার্ভ এখন চার মাসের বেশি আমদানি মূল্য মেটানোর অবস্থায় রয়েছে।

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ডলার যোগ হচ্ছে প্রতিদিনই। উচ্চ প্রবাসী আয় রিজার্ভ আরও বাড়াচ্ছে।