মঙ্গলবার

,

১৫ই সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে ঝড় তুলেছে নারী রক মিউজিক ব্যান্ড সিরা

এটিভিইউএসএ ডেস্ক
ছবি: সংগৃহীত

পুরুষ শাসিত সৌদি আরবে ঝড় তুলেছে নারী রক মিউজিক ব্যান্ড সিরা। পশ্চিমা ও আরব সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে তারা। ফলে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক-শ্রোতাদের মাঝে। কঠোর ধর্মীয় বিধিনিষেধের মধ্যে এই ব্যান্ড নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলছে সিরা ব্যান্ডের শিল্পীরা।

সিরা ব্যান্ডের শুরুটা হয়েছিলো রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজে। সেখানেই তারা অনুশীলন করতো। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। এরপর থেকে তাদের গানগুলো দারুণভাবে গ্রহণ করেছে দর্শকরা। অসাধারণ গানের লাইন আর রক-আরব ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

ব্যান্ডের প্রধান ভোকাল নোরা বলেন, ‘রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরণ আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। সৌদি নারীরা নিজেদের উপযুক্ত বলে মনে করেন না। আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক।’

আরবি সংস্কৃতিতে সিরা অর্থ ‘জীবন।’ এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সংগীতের প্রতি আগ্রহী করা। সদস্যরা জানান বিধিনিষেধ সত্ত্বেও পরিবাবের সমর্থন পেয়েছেন তারা।

২০০৮ সালে দ্য একোলেড নামের আরো একটি নারী রক ব্যান্ড আত্নপ্রকাশ করেছিলো। যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিলো। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা।

ভিশন ২০৩০ সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।