সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

ইন্দোনেশিয়ার জাকার্তায় অফিস ভবনে আগুন, নিহত ২২

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাততলা একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার দুপুরে ভবনের প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। পরে তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

এর আগে, সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচ পুরুষ ও ১৫ নারীসহ ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। বেশিরভাগের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই, ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

কন্দ্রো জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। কিছু কর্মী তখন অফিস থেকে বেরিয়েও গিয়েছিলেন। ভবনটি জাপানের ড্রোন কোম্পানি ‘টেরা ড্রোন’-এর ইন্দোনেশিয়া অফিস হিসেবে ব্যবহৃত হতো। স্থানীয় সম্প্রচারমাধ্যম কোম্পাস টিভির ফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতর থেকে লোকজনকে বের করে আনার চেষ্টা করছেন এবং মরদেহের ব্যাগ বহন করে নিচে নামছেন।

তিনি আরও বলেন, ভবনের কয়েকটি তলায় প্রচণ্ড তাপ ও প্রবল ধোঁয়ার কারণে দমকল কর্মীরা ভবন ঠাণ্ডা করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছিলেন।