আমেরিকান গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন পেরি। শনিবার (৬ ডিসেম্বর) তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ছবিগুলোর মধ্যে একটি ছিল তাঁদের জাপান ভ্রমণের সময়ের, যেখানে দুজনকে গাল ঠেকিয়ে ঘনিষ্ঠভাবে সেলফি তুলতে দেখা যায়।
পেরির পোস্ট করা ভিডিওতে তাঁদের একসঙ্গে খাবার খাওয়ার দৃশ্য এবং ব্যক্তিগত মুহূর্তও ধরা পড়ে। ক্যাপশনে তিনি লেখেন, “টোকিও ভ্রমণের সময় ও আরো কিছু।” জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তাঁর স্ত্রী ইউকোর সঙ্গে ট্রুডোর আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন কেটি পেরি।
এর আগে ট্রুডোও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।”
কিশিদা নিজেও এক্স-এ পোস্ট করে কেটি পেরিকে ট্রুডোর ‘পার্টনার’ হিসেবে উল্লেখ করেন।
কেটি পেরি ও ট্রুডো প্রথমবার জনসমক্ষে জুটি হিসেবে হাজির হন গত ২৫ অক্টোবর প্যারিসে, গায়িকার ৪১তম জন্মদিনে। তবে তাঁদের একসঙ্গে দেখা যায় এরও আগে, গত জুলাই মাসে কানাডায়, যখন তারা কুকুর নিয়ে হাঁটছিলেন। অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় তাঁদের চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। যদিও তখন তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
জাপানে কিশিদা দম্পতির বাসায় তাঁদের উপস্থিতি সেই গুঞ্জনকে এবার নিশ্চিত করেছে। কেটি পেরি তাঁর চলমান ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত রেখে ট্রুডোর সঙ্গে টোকিওতে এই কূটনৈতিক মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে ট্রুডো ধূসর স্যুটে হাজির হন রাষ্ট্রনায়কোচিত ভঙ্গিতে, আর পেরি ছিলেন সবুজ রঙের দু’টুকরো পোশাক, কালো টাইটস ও বুটে।
কিশিদা তাঁদের উদ্দেশে মন্তব্য করে লিখেছেন, “ধন্যবাদ, জাস্টিন। আপনি এবং কেটি, দু’জনকেই অবকাশের শুভেচ্ছা!”
এই প্রকাশ্য উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক এখন বিশ্বমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।




