নিউ ইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় যেন উৎসবের আবহে ভরে উঠেছিল। ঝলমলে আলো, গ্ল্যামারের ছড়াছড়ি আর সেলিব্রেটিদের উপস্থিতিতে নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নিউ ইয়র্ক ফ্যাশন হাউজ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নতুন অধ্যায়ের সূচনা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাঁর উপস্থিতি পুরো আয়োজনকে আলাদা মাত্রা দেয়। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা কাজী মারুফ, জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু, এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা দম্পতি আকাশ রহমান ও এশা রহমান জানান, প্রবাসী বাংলাদেশিদের বিপুল চাহিদা পূরণে তারা রুচিশীল ও বাহারি পোশাকের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয় দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই নতুন অধ্যায়ের সূচনা। তানজিন তিশাও ঘুরে ঘুরে ফ্যাশন হাউজের পোশাক দেখেন এবং নিজের পছন্দের বেশকিছু পোশাক বেছে নেন।

আশা গ্রুপ অব কোম্পানিজের সিস্টার কনসার্ন হিসেবে নিউ ইয়র্ক ফ্যাশন হাউজ সাজানো হয়েছে আধুনিক ধারণায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের তত্ত্বাবধানে একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের তারকাদের এক্সক্লুসিভ ডিজাইন। ঐতিহ্যের রঙ, আধুনিক কাট আর গ্ল্যামারের ছোঁয়া মিলিয়ে তৈরি হয়েছে এক বর্ণিল ফ্যাশন-দুনিয়া।
নিউ ইয়র্ক ফ্যাশন হাউজের এই নতুন যাত্রা নিঃসন্দেহে প্রবাসী কমিউনিটির ফ্যাশন মানচিত্রে নতুন মাইলফলক যোগ করবে। উৎসবের রঙ, ঐতিহ্যের গর্ব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে এটি হয়ে উঠেছে প্রবাসীদের রুচি ও স্টাইলের প্রতীক।





