সোমবার

,

১৯শে জানুয়ারি, ২০২৬

মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে আসবেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবুও তিনি সফরে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব।” মামদানির সঙ্গে দেখা করবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, যদি মামদানি মত পরিবর্তন করে ইসরাইলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবে আলোচনার ভালো সূচনা হতে পারে।

মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি।

গত নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর মামদানি একাধিকবার বলেছিলেন, আইসিসির ওয়ারেন্টভুক্ত যে কোনো নেতাকে গ্রেফতারে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে অনুমতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসামি নেতানিয়াহু কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেই হোক না।

তবে আমেরিকা আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে।

নেতানিয়াহুর সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে নিরাপত্তা ও কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।