বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দুই লোনাসহ ৪২–২২ পয়েন্টে জয় তুলে নেয় আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডার বিপক্ষে। প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ১৪–১২ পয়েন্টে।

জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পর পূর্ণ দর্শকসমাগমে মুখরিত গ্যালারির সামনে মাঠে নামে রূপালি–স্মৃতিরা। পুরো ম্যাচজুড়ে “বাংলাদেশ বাংলাদেশ” স্লোগানে উচ্ছ্বাস ছড়ান সমর্থকেরা।

প্রথমার্ধে উগান্ডা ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও বাংলাদেশের অভিজ্ঞতা ও ট্যাকটিকস বড় ভূমিকা রাখে। যদিও শুরুতে খানিকটা রক্ষণাত্মক মনে হচ্ছিল বাংলাদেশের মেয়েদের, তবে ডিফেন্ডার স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। গুরুত্বপূর্ণ সময়ে রেইডে পয়েন্ট এনে ম্যাচে ফেরানোর পাশাপাশি দুই লোনা আদায়ে বড় অবদান রাখেন তিনি।

শারীরিক গঠন ও শক্তির দিক থেকে উগান্ডা এগিয়ে থাকলেও অভিজ্ঞতার ব্যবধানে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আনে বাংলাদেশ। ম্যাচের মাঝামাঝি সময় সমতা ফেরে এবং উগান্ডা এক পর্যায়ে এগিয়েও যায়। তবে ‘ডু অর ডাই’ রেইডে দুই খেলোয়াড় আউট করে স্মৃতি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এরপর দুই দফা অলআউট করে ব্যবধান বড় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তোলে ২৮ পয়েন্ট, যেখানে উগান্ডা সংগ্রহ করতে পারে মাত্র ১০ পয়েন্ট।

দিনের ম্যাচসেরা নির্বাচিত হন স্মৃতি আক্তার। ম্যাচ শেষে তিনি বলেন, “শুরুতে একটু চাপ ছিল, কারণ উগান্ডার সঙ্গে এই প্রথম খেলেছি। তাদের খেলা বুঝতে সময় লেগেছে। পরে বুঝে নিয়ে আমরা ছন্দে ফিরে আসি। প্রথম জয় পাওয়ায় খুব ভালো লাগছে, আশা করি সামনের ম্যাচগুলোও জিতবো।”

বাংলাদেশ কোচ মুন্সী আরদুজ্জামান জানান, “উগান্ডা আমাদের তুলনায় শারীরিকভাবে শক্তিশালী। তাই প্রথম পাঁচ মিনিট তাদের খেলা বুঝতে সময় নিয়েছি। পরে পরিকল্পনা মতো খেলায় সাফল্য আসে। দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। আশা করি ধারাবাহিকতা বজায় রেখে আমরা পদক জিতব।”

দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ মঙ্গলবার বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। বুধবার উগান্ডা খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।