বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডসহ পাঁচ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি ট্রেজারি চালান সংগ্রহ এবং চালান সংক্রান্ত ভাংতি টাকা প্রদানসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধ হবে। পরবর্তীতে দেশের অন্যান্য বিভাগীয় কার্যালয়েও ধাপে ধাপে বন্ধ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের শাখায় আগের মতোই চলবে। ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, তার জন্য বাংলাদেশ ব্যাংক তদারকি জোরদার করবে এবং গ্রাহকদের সচেতন করতে শিগগিরই প্রচারণা চালাবে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে ২৮টি কাউন্টারের মাধ্যমে ১০ ধরনের সেবা দেওয়া হয়। এই পাঁচটি প্রধান সেবা বন্ধের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে মতিঝিল অফিসে নগদ টাকা, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচাও বন্ধ হয়ে যাবে। তবে ১৬টি কাউন্টারে ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ব্যাংক লেনদেন সংক্রান্ত সেবা চলবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হল মতিঝিল কার্যালয়ের আধুনিকায়ন, স্বয়ংক্রিয় ভল্ট স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সাম্প্রতিক সঞ্চয়পত্র সার্ভার জালিয়াতি এই সিদ্ধান্তের প্রধান কারণ নয়, তবে ওই ঘটনার পর থেকে মতিঝিল অফিসে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে।

গত সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের মোট ৩ লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশেরও বেশি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সংরক্ষিত। বাংলাদেশ ব্যাংকের ভোগান্তিমুক্ত ও আস্থার সেবা থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় এখানে গ্রাহকের ভিড় বেশি থাকে।