বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রবিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন ২য় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫–এর অফিসিয়াল ট্রফি। অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই ট্রফি উন্মোচন করা হয়। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ আয়োজিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হয়। টুর্নামেন্টটি ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের জন্য শুধু একটি বড় ক্রীড়া আয়োজন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে নারীদের ক্রীড়াচর্চা ও নেতৃত্ব বৃদ্ধির প্রতীক। তিনি সব দেশ থেকে আগত দলগুলোকে স্বাগত জানান এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ী ও বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্টকে ঘিরে নিরাপত্তা, লজিস্টিকস, আবাসন এবং দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিদিন ম্যাচ আয়োজনের পাশাপাশি সংস্কৃতির বিনিময়ের সুযোগও পাবে অংশগ্রহণকারী দেশগুলো।

এবারের নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১টি দেশ— বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, থাইল্যান্ড, চীনা তাইপে, জার্মানি, কেনিয়া, পোল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার দীর্ঘদিন ধরে নারী ক্রীড়াবিদদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। আন্তর্জাতিক অঙ্গনে নারীদের ধারাবাহিক সাফল্য দেশের গর্ব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।

টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে সোমবার উদ্বোধন করা হবে এবং ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের।