অর্থ আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।
মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার গণমাধ্যমকে জানান, বাদীর অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। বাদী ঘটনাস্থল হিসেবে হাতিরঝিল উল্লেখ করলেও মামলা করেছেন ভাটারা থানায়, যেখানে ওই মামলা নেওয়াই হয়নি। পরে সরাসরি আদালতে মামলা করেন তিনি।
এর আগে ৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও মেহজাবীন ও তার ভাই উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১০ নভেম্বর পরোয়ানা জারি হওয়ার বিষয়টি প্রকাশ্যে এলে প্রথমে মেহজাবীন সেটিকে ভিত্তিহীন দাবি করলেও পরে আইনজীবীর পরামর্শে অগ্রিম জামিন নিতে আদালতে যান।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে নানা প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার নামে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি টাকা চাইলে আসামিরা কালক্ষেপণ করতে থাকেন।
এজাহারে আরও বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে ১৬ মার্চ তাকে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডাকা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। ২৪ মার্চ তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
আদালত মামলার জবাব দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।




