আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার হাজির হয়েছেন একসঙ্গে দুটি বড় চমক নিয়ে। প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি; একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে, শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এ নায়িকা হচ্ছেন ফারিণ।
শুক্রবার রাতে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন যাত্রার ঘোষণা দেন ফারিণ। জানান, চলচ্চিত্র প্রযোজনায় হাতেখড়ি রাখতে গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’। নতুন পথচলায় সবার ভালোবাসা ও দোয়া চান তিনি।
এই ঘোষণার পরদিনই এল আরও বড় চমক। বহুদিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছিল—শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। তবে বিষয়টি নিয়ে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী। অবশেষে শনিবার বিকেলে সব জল্পনার অবসান ঘটান তিনি। সোশ্যাল মিডিয়ায় ‘প্রিন্স’ সিনেমার সঙ্গে চুক্তি সম্পাদনের ছবি প্রকাশ করে নিশ্চিত করেন—শাকিবের নায়িকা হিসেবে পর্দায় দেখা যাবে তাঁকে।
প্রথমে গুঞ্জন উঠেছিল—কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এই সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত। তাঁর পারিশ্রমিক নিয়েও সংবাদ প্রকাশিত হয়। তবে শেষ পর্যন্ত জানা গেছে, নির্মাতারা নতুন করে নায়িকা খুঁজছিলেন, আর সেই জায়গায়ই যুক্ত হলেন তাসনিয়া ফারিণ।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ নির্মিত হচ্ছে শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে। অ্যাকশনধাঁচের এই সিনেমাটি আগামী ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। শুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে পা রাখছেন তাসনিয়া ফারিণ—একদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা, অন্যদিকে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি। দুদিক থেকেই তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ এই অভিনেত্রী।




