বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মানবপাচারকারীদের প্রলোভনে ইউরোপমুখী পথে আটকা পড়া এসব নাগরিককে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ায় আটক থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম একযোগে কাজ করছে। ফেরত আসাদের অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়।

জনসচেতনতা বাড়াতে অনিয়মিত পথে অভিবাসনের ঝুঁকি ও প্রতারণার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।