বাংলাদেশের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বহুল আলোচিত ডট বাংলা ও ডট বিডি ডোমেইন সাধারণ ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
তিনি জানান, কান্ট্রিটপ লেভেল ডোমেইন দুটি রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনে থেকে রিসেলারদের কাছে উন্মুক্ত করা হবে। এজন্য একটি এপিআই ডেভেলপ করা হচ্ছে।
ফয়েজ তৈয়্যব আরও বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যাচাই সাপেক্ষে ডটজিওভি উন্মুক্ত করা হবে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডটএডু.বিডি ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়াও ডটকম.বিডি রিসেলারদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম যেমন ডটওআরজি.বিডি নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সাথে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফয়েজ তৈয়্যব আক্ষেপ করে বলেন, এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্ট হওয়ার কথা থাকলেও হোস্ট হয়েছে মাত্র ৪৫ হাজার সাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার হোস্টিং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, আর বাকি খুবই সীমিত। তার দাবি, এই ব্যর্থতার পেছনে রয়েছে “আওয়ামী ম্যানেজমেন্টের অদক্ষতা”।
তিনি আরও উল্লেখ করেন, ডোমেইন নেইম হোস্টিং বিদেশে করায় প্রচুর বিদেশি মুদ্রা বের হয়ে যাচ্ছে, যা ডট বাংলা ও ডট বিডির কার্যকর ব্যবহারের মাধ্যমে অন্তত আংশিকভাবে রোধ করা সম্ভব।




