ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার ২.৫৭ মিলিয়ন শেয়ার ওপেন মার্কেটে কিনেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। শেয়ারপ্রতি ৩৭২ থেকে ৩৯২ ডলার দামে কেনা এ লেনদেনের মোট মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার।
বিজনেজ ইনসাইডারের এক প্রতিবেদনে সোমবার এই তথ্য প্রকাশ পেয়েছে।
শেয়ার কেনার খবর প্রকাশ্যে আসার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ার প্রায় ৯% বেড়ে ৩৯৫.৯৪ ডলার ছুঁয়েছে। আমেরিকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি–তে টেসলার দাখিল করা নথিতে এই তথ্য জানা গেছে। এতে আরও উল্লেখ করা হয়, নতুন শেয়ার কেনার ফলে টেসলায় মাস্কের মালিকানা ০.৬ শতাংশ পয়েন্ট বেড়েছে।
বর্তমানে টেসলায় মাস্কের মোট মালিকানা প্রায় ১৩%। শেয়ারহোল্ডিং বাড়ায় কোম্পানিতে তাঁর নিয়ন্ত্রণও আরও শক্ত হবে বলে বিশ্লেষকদের মত। এর আগে জানুয়ারিতে মাস্ক বলেছিলেন, মোট ২৫% মালিকানা না থাকলে টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা আরও সম্প্রসারণে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না; একই সঙ্গে কোম্পানির উপর নিজের ভোটাধিকারও বাড়াতে চান।
২০০৮ সাল থেকে টেসলার নেতৃত্বে থাকা মাস্ক চলতি বছরে টেসলাকে ৮ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তরের লক্ষ্য তুলে ধরেন। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১.২৪ ট্রিলিয়ন ডলার। গত ছয় মাসে টেসলার শেয়ারের দাম প্রায় ৬০% বেড়েছে।




