ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও ফেডারেল বাহিনী মোতায়েনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) ‘উই আর অল ডিসি’ শীর্ষক এই মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শহরের রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে ‘ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে’, ‘ডিসিকে মুক্ত করো’সহ নানা স্লোগান দেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
অভিবাসন-বিরোধী কড়াকড়ি ও ফিলিস্তিন ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থানের সমালোচনায় বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড দেখা যায় মিছিলে। এক বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, “ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি; ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে।”
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা’ পুনঃপ্রতিষ্ঠায় বিগত মাসে সেনা-সমর্থিত মোতায়েন প্রয়োজন ছিল। সে অনুযায়ী প্রেসিডেন্ট রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেন এবং আইসিইসহ বিভিন্ন ফেডারেল সংস্থাকে মাঠে নামান। সমালোচকেরা এটিকে ফেডারেল ক্ষমতার “অপব্যবহার” বলে আখ্যা দিলেও বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে ডিসিতে সহিংস অপরাধ তিন দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
প্রসঙ্গত, আমেরিকার ৫০ অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ড গভর্নরের অধীনে থাকলেও ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে। সম্প্রতি শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠানোর ইঙ্গিত দেন ট্রাম্প, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে নতুন আইনি টানাপড়েন সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, বাহিনী প্রত্যাহার ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
শ্রমিক ইউনিয়ন, নাগরিক সংগঠন ও ধর্মীয় গোষ্ঠীর আহ্বানে আমেরিকাজুড়ে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। লেবার ডে–কে ঘিরে ঘোষণা দেওয়া ‘ওয়ার্কার্স ওভার বিলিয়নেয়ার’ সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় ৫০ অঙ্গরাজ্যেই প্রায় এক হাজার সমাবেশ ও মিছিলের পরিকল্পনা আছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
আয়োজকেরা জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের ‘উই আর অল ডিসি’ মিছিলকে ঘিরে যে সংহতি তৈরি হয়েছে, তা আগামী সপ্তাহগুলোতে দেশজুড়ে ভোটার নিবন্ধন, কর্মী–অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষার আরো কর্মসূচিতে রূপ নেবে।




