পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালু হয়েছে। গত ১০ আগস্ট থেকে এ সেবা চালু হয়।
শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন জিডির মাধ্যমে নাগরিকরা থানায় সরাসরি না গিয়ে ঘরে বসেই প্রয়োজনীয় সাধারণ ডায়েরি করতে পারবেন, যা সময় ও ভোগান্তি দুটোই কমাবে।
গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে।
থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।
অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে।
কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশের নেয়া ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।
অনলাইন জিডির পাশাপাশি প্রচলিত জিডি কার্যক্রমও অব্যাহত থাকবে।




